রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বাতিল, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ২৬ টি জুট মিল জাতীয় মজুরি স্কেল ২০১৫ পাওনা অনুযায়ী সকল বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনার দুটি পাটকলের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর খালিশপুর-দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটে এ অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বন্ধ পাটকল সরকারিভাবে চালু করার সিদ্ধান্ত না নিলে অচিরেই আত্মাহুতি দেওয়ার মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা বলেন, নোটিশ-পে বাবদ ২ মাস, ৮ সপ্তাহের বেসিকের সমান প্রাপ্য মজুরি প্রদান, বোনাসের পরিবর্তে প্রদেয় এগ্রোশিয়া নির্দিষ্ট কর্মঘণ্টার ওপর ভিক্তি করে করোনাকালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাদি নিশ্চিত করতে হবে।
এছাড়া ২০২০ সালের নতুন দুটি উৎসব বোনাসের টাকা পরিশোধ করার জোর দাবি জানান শ্রমিকরা। খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলমগীর কবির, শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ, নূর ইসলামসহ নেতারা বক্তব্য দেন।