দেশের হাজারো হিন্দু দেশপ্রেমিক: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসকন হিন্দুদের কোনো ধর্মীয় সংগঠন নয়। এটা সন্ত্রাসীদের সংগঠন। দেশের হাজারো হিন্দু দেশপ্রেমিক। তারা দেশ নিয়ে ভাবে। দেশের উন্নয়নের জন্য চেষ্টা করে। কিন্তু ইসকন দেশ নিয়ে নয় বরং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ইসকনের সদস্যরা বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশে হস্তক্ষেপ করতে ভারতের কাছে দাবি জানাত না। তারা বাংলাদেশের অফিস আদালত ও আইনের প্রতি আস্থাশীল নয়।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভারতে আমাদের সহকারী হাইকমিশনে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে। ভারতে থাকা আমাদের দেশের কূটনীতিকদের আক্রমণের কারণ কী? ভরত কি বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাজাতে চায়? ভারত যদি যুদ্ধ বাজাতেই চায় তবে তারা আমাদের কেমন বন্ধু? ভারত আমাদের কেমন বন্ধু তা মমতা ব্যানার্জির বক্তব্যে প্রমাণিত হয়েছে। তার বক্তব্যে শত্রুতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বৃটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি। ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না। বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাংলাদেশের মানুষ বৃটিশকে ভয় পায়নি। পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাংক ভয় পায়নি। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এইচ এমন রফিকুল ইসলাম, মুহাম্মাদ হায়দার আলী, শাহাদাত হোসেন প্রধানিয়া ও মুহাম্মাদ মাহবুব আলম প্রমুখ।