নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবলীগ কর্মী রুহুল আমিন রুবেলের (৩৫) ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। বুধবার রাতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে বিএনপি কর্মীরা রুবেলের মাথা, বাম পা ও হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় অভিযুক্ত বিএনপি কর্মীরা প্রয়াত প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের অনুসারী।
রুহুল আমিন রুবেল জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া মোড় থেকে টুনিপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তার চলন্ত মোটরসাইকের সামনে রাস্তার ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত ভ্যান ঠেলে দেন অজ্ঞাত কয়েকজন। এতে ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাঁদে পড়ে যান তিনি। এ সময় পাশ থেকে বিএনপি কর্মী হায়দারের নেতৃত্বে শাহাব, সাইফুল, মতিন, মিরাজ, কালু, আমিরুল, মকছেদ,দুলু,সরমানসহ ২৫/৩০ জন বিএনপি কর্মী তাকে ঘিরে ধরে রড দিয়ে উপর্যুপরি পেটায় । পরে রুবেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.মো. আব্দুর রাকি বলেন, রুবেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত রয়েছে। মারপিটের কারণে এক পা ও বাম হাতের দুটো হাড় ভেঙে গেছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।