চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (ফাইনাল) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভাগীয় পরীক্ষা কমিটির এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি উড়ো চিঠি আসে। তাতে একটি নমুনা প্রশ্ন তুলে ধরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আলাউদ্দিন মজুমদার এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসেন। তারা চতুর্থ বর্ষের কমপ্রিহেনসিভ কোর্সের (সিএজে-৪১৯) প্রশ্নের সঙ্গে উড়ো চিঠিতে পাওয়া নমুনা প্রশ্নের মিল পান। এরপর উপাচার্যের উপস্থিতিতে পরীক্ষা কমিটির সুপারিশে ওই পরীক্ষা স্থগিত করা হয়।
এদিকে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে। সেখানে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করা হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রওশন আক্তার সোমা বলেন, পরীক্ষা কমিটি সুপারিশ করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।
উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা জরুরি সিন্ডিকেট ডেকেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।