জাবির ভর্তিতে থাকছে না মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ। এবারের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা। তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো পোষ্য কোটা, ভিসি কোটাসহ অন্যান্য কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এ ছাড়া গত বছরের ছয় ইউনিটের পরিবর্তে এবারে ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিটে আবেদন করা যাবে।