দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা এক মামলায় দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে তাকে র‌্যাব পরিচয়ে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।

গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অটোরিকশাচালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়।

আবুল হোসেন রিপন বলেন, ‘মামলায় উল্লিখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।’

সাংবাদিককে কেন মামলায় আসামি করলেন এমন প্রশ্নের উত্তরে বাদী বলেন, ‘তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেটা আমি ওসিকে বলেছি।’

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র‌্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।