চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিপন দাশ (২৭)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন দাশ নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাশের ছেলে। তিনি চকবাজারের একটি ফার্মেসিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার মামলার আসামি রিপন দাশকে কোতোয়ালি, কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যাসহ ছয়টি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ।