যুব এশিয়া কাপের সেমিফাইনালে দুর্দান্ত বোলিং করলেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১১৭ রান তুললেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চলে যাবে বাংলাদেশ।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জেতে বাংলাদেশ নেয় বল হাতে। শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশ যুবাদের বোলিং আক্রমণে ৩৭ ওভারে অলআউট হয়ে পাকিস্তান করে ১১৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে।
২৪ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন। ২৩ রানে ২ উইকেট নেন আরেক পেসার মারুফ মৃধা।
পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। মারুফ মৃধা পাকিস্তানের দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে আউট করেন।
এরপর পাকিস্তান যুব দলের অধিনায়ক সাইদ বেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহকে ফেরান পেসার ইকবাল হোসেন ইমন। ১৮ রানে সাইদ বেগ আউট, ২৮ রানে রিয়াজুল্লাহ।