লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

সম্প্রতি লাকী আখান্দের একটি গান কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। বরেণ্য এই কণ্ঠশিল্পী আমাদের জন্য রেখে গেছেন অসাধারণ সব গান। কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর পরও তার প্রকাশিত গানগুলো বেঁচে আছে দারুণ উজ্জলতায়। আশার কথা, মৃত্যুর ৭ বছর পরেও তার রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাছে এখনও।

নাম ‘ভবের নদী’। এতে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখান্দের সুরের ওপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এ গানটি গতকাল ‘গান জানালা’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। 

গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তাঁর সুরে এমন একটি গান করতে পেরে। এজন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিল। সেটি করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বলল, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনল এবং বলল খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ পর্যন্ত মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’

লাকী আখান্দ বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচ এর সদস্য। তার সংগীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না

বরেণ্য এই কণ্ঠশিল্পী ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুর ৭ বছর পরেও তাঁর রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে এখনও।