বলিউড সমাজকে ১০ বছর পিছিয়ে দিচ্ছে: আমির খান 

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, বলিউডের কিছু সিনেমায় এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে, যা সমাজকে ১০ বছর পিছিয়ে দিচ্ছে। 

একটি সাক্ষাৎকারে ‘তারে জামিন পার’ খ্যাত আমির খান বলেন, “পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকভাবে সমাজে প্রচলিত, কখনও প্রকাশ্যে, কখনও গোপনে। এটি অত্যন্ত গভীরভাবে শিকড় গেড়ে বসে আছে। পুরুষরা অনেক ক্ষেত্রেই নিজেদের ক্ষমতায় খুবই অনিরাপদ মনে করে। তারা মনে করে, নারীদের কতটুকু স্বাধীনতা দেওয়া উচিত তা তারাই নির্ধারণ করবে। এটি মোটেই ভালো নয়।”

‘থ্রি ইডিয়টস’ অভিনেতা আমির আরও বলেন, “গল্প বলার মাধ্যমে মানুষের মন পরিবর্তন করা সম্ভব। যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেয়ে আবেগ দিয়ে তাদের মন ছোঁয়া বেশি কার্যকর। একটি চরিত্র বা একটি গল্প মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে, যা ধীরে ধীরে তাদের চিন্তা ভাবনায় বড় পরিবর্তন আনতে পারে।” 

তিনি আরও বলেন, “সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। “এর জন্য সময় লাগবে। তবে গল্প বলার শক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

আমির খান বর্তমানে তার ছবি লাপাতা লেডিস নিয়ে অস্কার প্রচারে ব্যস্ত। এছাড়া তার পরবর্তী সিনেমা ‘সিতারে জমিন পার’ আগামী বছর মুক্তি পাবে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর, ১৯৪৭’-এর প্রযোজনা করছেন, যেখানে অভিনয় করছেন সানি দেওল এবং প্রীতি জিনতা।