গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পণ্য বিক্রয়কারী সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করে আসছিল। তালিকাভুক্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি সাশ্রয়ী দামে পরিবার প্রতি দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি বিক্রি করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে তালিকাভুক্ত কার্ড যাচাই-বাছাই করে নতুনভাবে ১ হাজার ৬০০ জনের নামের তালিকা করা হয়।
অভিযোগ রয়েছে, ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তালিকা থেকে ইউনিয়ন বিএনপির নেতারা ৫০০ কার্ড নেয়। সেই কার্ড প্রতিটি ওয়ার্ডে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়।
এই ভাগাভাগি নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া ইসলাম ও ইউনিয়ন মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক বহুলু ইসলামের দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ রুপ নেয়। এতে দুই গ্রুপের পাচঁজন আহত হন।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া ইসলাম জানান, তার ভাগে ২০টি কার্ড দেওয়া হয়েছে। কিন্তু বহুলু ইসলাম সেখান থেকে অর্ধেক কার্ড দাবি করে। সেই কার্ড না দেওয়ায় তার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করলে তিনিসহ তিনজন গুরুতর আহত হন।
এ দিকে বহুলু ইসলামের অভিযোগ, জাকারিয়া ইসলাম ওই কার্ড বিভিন্নজনের কাছে বিক্রি করছেন। তিনি কয়েকটি কার্ড দাবি করেছিলেন। এরই প্রেক্ষিতে বহুলু ইসলামের মা-বাবা দুজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, তারা কার্ড নিয়েছে নিম্ন আয়ের মানুষের জন্য। তারা সেভাবেই বিতরণ করছেন। তাদের দুপক্ষের মারপিটের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
সাপমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব প্রধান বলেন, গতকাল বিএনপির শতাধিক নেতাকর্মী ইউনিয়ন কার্যালয়ে যান। সেখানে তারা জোর করে ৫০০ কার্ড ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখানে আমরা কিছু বলতে পারিনি। শুনেছি, তারা মেম্বারকে নিয়ে উপযুক্ত ব্যক্তিদের কার্ড বিতরণ করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। টিসিবির কার্ড নিয়ে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।