ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং দীর্ঘ সংস্করণ টেস্ট। বিশ্বের অনেক দেশেই এই ফরম্যাটে মাঠ বা টিভি দর্শকের সংখ্যা কম দেখা যায়। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ক্রিকেটপ্রিয় দেশগুলোতে ভিন্ন চিত্র। সেসব জায়গায় স্টেডিয়ামে দর্শকহীনতা যেন অকল্পনীয়! সম্প্রতি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত ‘গোলাপি বল’ টেস্টে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়।
শুক্রবার থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে প্রথম দিনের রেকর্ড দর্শকসংখ্যা আগের সব হিসাব ছাড়িয়ে গেছে। ২০১১-১২ মৌসুমে অ্যাডিলেডে একই দুই দলের টেস্টে একদিনে ৩৫,০৮১ জন দর্শক উপস্থিত ছিলেন। এবার স্টার্ক-বুমরা কিংবা বিরাট-হেডের দ্বৈরথ দেখতে এই রেকর্ড ভেঙে গেছে। অ্যাডিলেড ওভালের ৫৩ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার বেশিরভাগই পূর্ণ ছিল।
এর আগে, পার্থের অপ্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ২৯৫ রানের বড় জয় পায়। সেই ম্যাচে তিন দিনের মাথায় মোট দর্শকসংখ্যা ছিল প্রায় ৯৬,৪৬৩ জন। যা পার্থের নতুন স্টেডিয়ামে সর্বোচ্চ রেকর্ড।
তবে দ্বিতীয় টেস্টে শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং তোপে মাত্র ১৮০ রানে অলআউট হয় সফরকারী দল। স্টার্ক একাই নেন ৬ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ২ উইকেটে ৮৬ রান।
২০২০ সালের অ্যাডিলেডের ঐতিহাসিক লজ্জার (মাত্র ৩৬ রানে অলআউট) স্মৃতি এবারও পুনরাবৃত্তি হবে কিনা, সেটাই দেখার বিষয়। সিরিজের বাকি তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে। এসব ভেন্যুতেও দর্শকের রেকর্ড গড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে মাঠের লড়াইয়ে ভারসাম্য আনতে ভারতকে ঘুরে দাঁড়াতে হবে খুব দ্রুত।