অবশেষে ওটিটিতে কাঙ্গুভা

ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র ‘কাঙ্গুভা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। প্রাইম ভিডিও ৮ ডিসেম্বর থেকে ছবিটি স্ট্রিমিং শুরু করবে। তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় ছবিটি উপলব্ধ থাকবে। তবে হিন্দি ডাব সংস্করণ সম্পর্কে কোনো ঘোষণা করা হয়নি, এখনো ধোঁয়াশায় রয়েছে।

‘কনটেন্ট ইজ দ্য কিং’ এমনটাই আজকাল বলা হয়। গল্প যদি ভালো হয় সিনেমা হিট হবেই। কিন্তু গল্পেই যদি কিছু না থাকে, তাহলে অভিনয়, ভিএফএক্সের কারিকুরি দিয়েও শেষ রক্ষা হবে না। অনেক ঢাকঢোল পিটিয়ে মুক্তি পাওয়া ‘কাঙ্গুভা’র সঙ্গে এমনটাই ঘটেছে। সিভা পরিচালিত এই পিরিয়ড ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা গত ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও ছবিটির ভিজ্যুয়াল এফেক্ট এবং অ্যাকশন দৃশ্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, সমালোচকরা চিত্রনাট্য, পরিচালনা ও স্ক্রিনপ্লে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।

৩৫০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবি বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। ভারতে মাত্র ৭০ কোটি টাকা এবং বিশ^ব্যাপী ১০৬ দশমিক ২৫ কোটি টাকা আয় করে, ‘কাঙ্গুভা’ ভারতীয় সিনেমার অন্যতম বড় ফ্লপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিতে সূর্য দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ববি দেওল, দিশা পাটানি ও সূর্যের ভাই কার্থিককেও একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। ছবিটির নির্মাতারা মুক্তির আগে সিক্যুয়েল ‘কাঙ্গুভা ২’ ঘোষণা করলেও বক্স অফিসের হতাশাজনক ফলাফলের কারণে সেটি বাস্তবায়িত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ‘কাঙ্গুভা’ ছবিটি পরিচালনা করেছেন শিবা। সাতটি দেশে শুটিং হয়েছে। ভিএফএক্সের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন নির্মাতারা। হলিউড মানের ছবি বানানোর চেষ্টার ত্রুটি রাখেননি তারা। মোট খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। কিন্তু রিলিজের পরই বক্স অফিসে মুখথুবড়ে পড়েছে সূর্য-ববি অভিনীত এই ছবি। হলে মাছি তাড়ানোর লোকও ছিল না।

প্রাইম ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কাঙ্গুভা’র পোস্টার শেয়ার করে লিখেছে, ‘কালের এক পুরনো গল্প এবং একটি উত্তরাধিকার, যা এখনো টিকে আছে। কাঙ্গুভা আসছে সব ঠিক করতে।’ প্রযোজনায় রয়েছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনসের ব্যানারে কে ই জ্ঞানভেল রাজা, ভি ভামসি কৃষ্ণা রেড্ডি এবং প্রমোদ উপ্পালাপতি। এখন দেখার বিষয়, ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পায়।