সমতায় ফেরার লড়াই

সিলেটের সবুজ গালিচায় আয়ারল্যান্ডের বিপক্ষে আজ আবারও লড়াইয়ে নামছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে লক্ষ্যের খুব কাছে গিয়ে হেরে যাওয়ার পর ৩ ম্যাচের সিরিজে সমতায় ফেরার লড়াই। টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের পাহাড়সম লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল স্বাগতিকরা। রেকর্ড গড়া ওপেনিং জুটির পরেও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে ফিরতে হয়েছে ঘরের মেয়েদের। জয়ের দুয়ারে পৌঁছেও ১৯তম ওভারের ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হয় ম্যাচ। কিন্তু এই হার নিয়ে দীর্ঘশ্বাস ফেলার সময় নেই নিগার সুলতানা জ্যোতিদের। বরং ভুল শুধরে সমতায় ফিরতে চান তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম লম্বা বিরতির পর দলে ফিরেছিলেন জাহানারা আলম। ফিরতে পেরে যেমন তিনি আনন্দিত তেমনি দলের হারে ব্যথিত। যে হার তার ফেরার তৃপ্তি ভুলিয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিবির অফিশিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি, তবে শুরুটা ভালো ছিল। চারজন ব্যাটার দারুণ স্কোর করেছে। আমি বিশ্বাস করি, আমরা সিরিজ ঘুরিয়ে আনতে পারব। আমাদের সবার মধ্যেই সেই বিশ্বাস আছে।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৯তম ওভারের ব্যাটিং ব্যর্থতায় জয় হাতছাড়া করে বাংলাদেশ। তবে দলের ব্যাটিং লাইনআপ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন জাহানারা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে তাই তিনি যোগ করেন, ‘আমাদের যদি পাওয়ার প্লে ভালো হয়, আর কিছু ব্যাটার আরও দায়িত্ব নিয়ে খেলে, তাহলে বড় লক্ষ্য তাড়া করাও সম্ভব। টি-টোয়েন্টিতে প্রতিটি বল গুরুত্বপূর্ণ। পরিকল্পনা আর মনোযোগ ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ প্রথম ম্যাচে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। ওপেনারদের ১০-১১ ওভারে শতরানের বেশি স্কোর করা ছিল অনন্য। কিন্তু মাঝের ও শেষ দিকের ব্যাটিং ব্যর্থতাই কাল হয়েছে। তাই এই ম্যাচে কেবল শুরু নয়, শেষটাও রাঙানোর চ্যালেঞ্জ নিতে হবে।