নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। পুরো বিশ্ব থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।
গতকাল শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, ‘আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমরা ঐতিহাসিকভাবে এক আছি।’ কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
যাত্রী পারাপার প্রসঙ্গে নৌ-উপদেষ্টা বলেন, ‘ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের একটু ক্ষতি হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা সাখাওয়াত। এ সময় তার মা-বাবা এবং পরিবারের খোঁজখবর নেন তিনি।