বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেপ্তার করেছে রাজধানীর খিলগাঁও থানা-পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ধানম-ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিলেন মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের বাবা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা’ হয়।
তিনি আরও বলেন, ‘তদন্তাধীন এ মামলায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’