দুর্দান্ত ছন্দে আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এই মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার সব ম্যাচে খেলেছেন। লা লিগায় গত রাউন্ডে মায়োর্কাকে ৫-১ গোলে হারানোর ম্যাচে করেছেন জোড়া গোল। অনেকের প্রশ্ন, আগের ম্যাচে রবার্ট লেভানদোভস্কির মতো সামনে কি রাফিনহাকে বিশ্রাম দেবেন হান্সি ফ্লিক?
আজ শনিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের মাঠে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচে রাফিনহাকে বিশ্রাম দেওয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘রাফাকে (রাফিনহা) আমাদের প্রয়োজন। যখন তাকে পাওয়া যাবে, সে খেলবে। যদি সে ৯০ মিনিটের জন্য প্রস্তুত থাকে, তাহলে সে ৯০ মিনিট খেলবে। লেভানদোভস্কির ক্ষেত্রেও তাই, সেও আগামীকাল (শনিবার) খেলবে।’
ব্রাজিল ফরোয়ার্ড রাফিনহা এখন পর্যন্ত মৌসুমে বার্সেলোনার ২১ ম্যাচের সবগুলোতে খেলেছেন। ১৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০টি। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।