পাকিস্তানে ‘চূড়ান্ত বিক্ষোভের’ পর এবার দেশজুড়ে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পাশাপাশি দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে মহাসমাবেশ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইমরান খান। খবর রয়টার্সের।
এছাড়া পোস্টে আগামী ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমর্থকদের এই সমাবেশ করার আহ্বান জানান ইমরান।
নভেম্বরে ইসলামাবাদে পিটিআই সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের শ্রদ্ধা জানানোই মহাসমাবেশের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মহাসমাবেশে অন্য বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।
দুটি দাবি উল্লেখ করে ইমরান খান বলেন, এগুলো মেনে না নিলে ১৪ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে।
গত ২৫ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তি দাবিতে গত মাসে ওই সহিংসতায় ১২ পিটিআই সমর্থক নিহত হন। গত বছরের ওই সহিংসতায় নিহত হন ৯ জন। ইমরান খান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
তবে পাকিস্তান সরকারের দাবি, গত ২৫ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আর গত বছরের ৯ মে ইমরান খানের সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন।