পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রভাবশালী প্রতিবেশীর প্রাণনাশের হুমকিতে চন্দ্র শেখর লিটু এবং তার পরিবারের সদস্যরা ৩ বছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আন্ধারমানিক গ্রামে গিয়ে ওই ঘরে তালাবদ্ধ দেখা যায়। চন্দ্র শেখর লিটু আন্ধারমানিক গ্রামের মৃত সন্তোষ কুমার ওঝার ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি।
ভুক্তভোগী লিটু জানান, প্রতিবেশী মৃত সুধীর রঞ্জন ওঝার ছেলে বাদল ওঝা, সুভাষ, শংকর ওঝা ও তাদের ছেলেরা আওয়ামী লীগের শাসনামলে জোর করে আমার সম্পত্তি দখলে নেয়। তিন বছরের বেশি সময় ধরে আমরা বসতঘরে আসতে পারি না। মাঝে মাঝে বাড়িতে এলেও আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ ও জিডি করা হয়েছে। আমার রান্না ঘরের জমি টুকুও দখল করে নিয়েছে। এ সকল ঘটনায় সুষ্ঠু ফয়সালা পাওয়ার জন্য আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি।
এ ব্যপারে অভিযুক্ত শংকর ওঝা বলেন, কাগজপত্র অনুযায়ী জমি আমাদের। তারপরও দায়িত্বশীল কোনও ব্যক্তি সুষ্ঠু ফায়সালা দিলে আমরা শালিস ব্যবস্থায় বসতে রাজি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।