কুমিল্লার লালমাইয়ে সৌদি প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) ভোররাত ৩টার পরে উপজেলার বাগমারা উত্তর ইউপিনের দত্তপুর পশ্চিম পাড়ার হাবিবুর রহমানের দুই প্রবাসী ছেলে মিনহাজ উদ্দিন সবুজ ও সালমান জাহান সজিবের তিনতলা ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে।
ডাকাতরা প্রবাসীদের পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করেছে। ঘরের আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দলের সদস্যরা।
শ্বাশুড়ির বরাত দিয়ে ফাতেমা ইসলাম বলেন, ডাকাতরা প্রথমে আমার শ্বশুরকে কুপিয়ে জখম করলে তিনি অজ্ঞান হড়ে পড়েন। এরপর আমার দেবরকে টয়লেটে নিয়ে জবাই করতে চাইলে আমার শ্বাশুড়ি চিৎকার করে ডাকাতদের পায়ে ধরে ছেলেকে প্রাণে রক্ষা করেন। ওই সময় ডাকাতরা আমার শ্বাশুড়িকেও মারধর করেন। সকালে বাড়িতে এসে দেখি, ঘরের প্রতিটি রুমের মেজেতে আমার শ্বশুরের রক্ত লেগে আছে। ডাকাতরা আমার কক্ষের তালা ভেঙে সব তছনছ করে ফেলছে।
তিনি বলেন, আমার শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আমার শ্বশুরকে ঢাকায় রেফার্ড করেছেন। তিনি এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। আমার শ্বাশুড়ি ও দেবরকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ভোরেই ঘটনাস্থলে যাই। ডাকাতরা নগদ টাকাসহ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। প্রবাসীদের পিতাকে কুপিয়ে জখম করেছে এবং মা ও ভাইকে মারধর করেছে।
তিনি আরও বলেন, প্রবাসীর পরিবারের সদস্যরা ঢাকায় চিকিৎসাধীন। তাই এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে আমরা ডাকাতদের চিহিৃত করতে আইনগত প্রক্রিয়া শুরু করেছি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।