‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’ এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কিসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনও সেটি বহাল। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনও সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি।