ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়। যে নম্বর থেকে হোয়াটস অ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে, সেটি রাজস্থানের আজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিষদভাবে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহু বার হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন দশেক আগে সালমান খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।
এছাড়া গত মাসের শেষে মোদিকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিকভাবে সুস্থ নন।