টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করল ইংল্যান্ড। ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর ১৪৭ বছর আর ১৮ হাজার ৯০০ ইনিংস শেষে এই বিরল মাইলফলক স্পর্শ করল ক্রিকেটের জনক খ্যাত দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এই রেকর্ড গড়ে।
ইনিংসের ৫১তম ওভারে হ্যারি ব্রুক উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফ দিয়ে দুই রান নেন, আর তাতেই আসে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ৫ লাখ রান।
দিন শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডে জমা করে ২৮০ রান। ফলে তাদের মোট টেস্ট রান এখন ৫ লাখ ১২৬।
ইংল্যান্ডের পর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা দল অস্ট্রেলিয়া। তারাও ১৮৭৭ সালে টেস্ট খেলা শুরু করলেও এখন পর্যন্ত তাদের রান ৪ লাখ ২৮ হাজারের কিছু বেশি। তৃতীয় স্থানে থাকা ভারত ৫৮৬ টেস্ট খেলে তুলেছে ২ লাখ ৭৮ হাজার রান।
ইংল্যান্ডের এই ঐতিহাসিক ইনিংসের দিনে আরেকটি ব্যক্তিগত অর্জন করেন জো রুট। দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে অপরাজিত থাকা রুট তার ক্যারিয়ারের ৬৫তম ফিফটি তুলে নেন, যা তাকে টেস্ট ক্রিকেটে শততম পঞ্চাশোর্ধ ইনিংস খেলার বিরল ক্লাবে স্থান করে দেয়।
এলিট এই ক্লাবে রুটের সঙ্গী কেবল শচীন টেন্ডুলকার (১১৯), রিকি পন্টিং (১০৩) এবং জ্যাক ক্যালিস (১০৩)। রুটের টেস্ট ক্যারিয়ারে ইতিমধ্যে রয়েছে ৩৫টি সেঞ্চুরি এবং ৬৫টি ফিফটি।
১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে শুরু করে ১৪৭ বছরের দীর্ঘ এই যাত্রায় টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে দলটি। ৫ লাখ রান পূর্ণ করা সেই ইতিহাসেরই এক নতুন অধ্যায়।