ভারতের সঙ্গে আ.লীগ সরকারের সকল চুক্তি বাতিলের দাবি বিএনপি নেতার

বাংলাদেশের মানুষ যাতে ভালো না থাকে সে জন্য ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, বিগত ১৬ বছরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে। তারা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষকে বিকৃত ভুল ইতিহাস শিক্ষা দিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে করিডোর নিয়ে যে সড়ক করা হয়েছে তা দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেওয়া হবে না। তিনি বিগত ১৫ বছরে ভারতের সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সকল চুক্তি বাতিল করার দাবি জানান। কারণ দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে নিবে না।

অধ্যক্ষ সেলিম ভুইয়ার কথার সাথে একাত্মা প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিগত ১৬ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তবে ছাত্র-জনতার বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার সুফল বয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী আমলারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে নানা ষড়যন্ত্রে ব্যস্ত। তারা অন্তর্বর্তী সরকারকে কুপরামর্শ দিয়ে সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব করে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চায়। কিন্তু বিএনপি এই ষড়যন্ত্র হতে দিবে না।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত তিনি নির্বাচনের দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার মাধ্যমেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা আসাদুজ্ঝামান শাহীন প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকি, বেলাল উদ্দিন সরকার তুহিন, এইচ এম বাশার, মো. সালাহ উদ্দিন, তানিম সাহেদ রিপন ও মো. মাহিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।