পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আবুল কালাম আজাদকে (৫২) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আবুল কালাম আজাদকে থানা হেফাজতে নেয় পুলিশ। এরপরে থানা হেফাজত থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে নিহত অরিনা বেগম স্বামীর পরকিয়ার বলি হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের পরে নিহতের স্বামী আবুল কালামের রক্তমাখা জুতা, লুঙ্গি বাড়ির খড়িঘর থেকে কাঠের বাটযুক্ত দা, কুড়াল জব্দ করে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। এতে মাটিতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরিনা। পরে রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে বাড়িতে শুনশান নীরবতা দেখতে পান স্বামী আবুল কালাম আজাদ। পরে ঘরে গিয়ে দেখেন স্ত্রী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরহতাল করে। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত অরিনার ভাসুরের মেয়ে শাহনাজ বলেন, আমার চাচা-চাচীর মধ্যে ভাল সম্পর্ক আছে বলে জানি। কে বা কারা তাকে হত্যা করল আমরা বুঝতে পারছি না। তবে একটি কথা ছড়িয়ে পড়েছে যে, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ রকম কোনও কিছুই না। আমরা এমন কোনও ঘটনার কথা জানিনা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, গৃহবধূ অরিনা হত্যা মামলার তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের স্বামী পরকিয়ায় আসক্ত বলে কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি স্বামীর পরকিয়ার বলি হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হবে।