‘পরাজিত শক্তির মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পরাজিত শক্তির মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা সাম্প্রদায়িক সংঘাতকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করছে।
 
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলার উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত চাচ্ছে উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে এমন মন্তব্য করের হেলাল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য গণমাধ্যমে অপপ্রচার চালানোর প্রথম সুতিকাগার হলো ভারত। ভারত বাংলাদেশের ষড়যন্ত্রের বীজ বপন করে চলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সকল অপপ্রচারের বিপক্ষে কার্যকার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা হাসিনার দেশ না এটা বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ।
তিনি বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। তাই দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে। ভেতর বাহির যেকোনো ষড়যন্ত্র হলে দেশের মানুষ দলমত নির্বিশেষে রুখে দেবে।
খুলনা জেলা কৃষক দলের মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. আলীম হোসেন, ড. সেলিম হোসেন, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মহানগর আহ্বায়ক আক্তারুজ্জামান তালুকদার সজীব, মো. আবু সাঈদ শেখ প্রমুখ।