বাংলাদেশে ব্যবসা বন্ধ করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত তো আমাদের বিনা পয়সায় মালপত্র দেয় না। পয়সা নিয়েই দেয়। তারা যদি মনে করে ব্যবসা-বাণিজ্য বন্ধ করবে, করুক। তারা গরু বন্ধ করেছে। তাই বলে কি আমরা এখন গরু খাচ্ছি না। ব্যবসা বন্ধ করলে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, পলিটিক্যাল বিষয়ে ওনারা (ভারতের রাজনৈতিক নেতারা) পলিটিক্স করছেন। আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবেন। পলিটিক্যাল অবরোধ করছে করুক। ওনাদের বেশি গরজ আমাদের চেয়ে।

জাতীয় ঐকমত্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐকমত্য না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা, সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছে এটা একটা বড় উদাহরণ হয়েছে।