কোনাবাড়ীতে ৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড কারখানা

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধের ৯ দিন পর গতকাল শনিবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে মহানগরীর কোনাবাড়ী এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানা। তবে জরুন এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের আওতাধীন ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানাটি বন্ধ রয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার শ্রমিকরা ২৬ ও ২৭ নভেম্বর পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা এড়াতে শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৯ দিন পর কারখানা খুলে দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।

কারখানা শ্রমিক আবদুর রহমান বলেন, ‘অনেক দিন ধরে কারখানা বন্ধ থাকায় আমাদের মধ্যে দুশ্চিন্তা নেমে এসেছিল। সাধারণ শ্রমিকদের মধ্যে বহিরাগতরা যোগ দিয়ে নানাভাবে উসকানি দিয়ে আন্দোলন করাচ্ছে। এখন কারখানা খুলে দেওয়ায় আমরা কাজে যোগ দিয়েছি।’

শ্রমিক আমেনা বেগম বলেন, ‘আমরা কোনো ঝামেলা চাই না, আমরা কাজ করতে চাই। আমরা কাজ করব, মাস শেষে বেতন পাব।’

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার ম্যানেজার (অ্যাডমিন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, ‘শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিলেন। তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই কাজে যোগদান করেছেন। তাদের বিভিন্ন দাবি ছিল। তার মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল। আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিলেন দুই ঘণ্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানা ৯ দিন বন্ধ থাকার পর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছেন। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, কারখানার মূল ফটকে আমাদের শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।