অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান দোহা ফোরামে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো. শফিকুর রহমান।
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাতার সরকারের আয়োজনে ২২তম দোহা ফোরাম গতকাল শনিবার শুরু হয়েছে। ‘উদ্ভাবনের অপরিহার্যতা : কূটনীতি, সংলাপ, বৈচিত্র্য’ শিরোনামে দুদিন ব্যাপী এ ফোরাম শেষ হবে আজ রবিবার।
শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধিদলের অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এতে উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহায় বাংলাদেশ-কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান। এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ড. ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে খলিলুর রহমান প্রবাসীদের অবহিত করেন। প্রবাসীদের দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
খলিলুর রহমানের গতকাল শনিবার ও আজ রবিবার দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।