নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা পাঁচ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন (লিভ টু আপিল) খারিজ করে এই আদেশ দেওয়া হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের তৎকালীন চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল।
এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়।
ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী।
এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। যার শুনানি শেষে আজ এ রায় দিলেন সর্বোচ্চ আদালত।