শামার জোসেফ ও ম্যাথু ফোর্ডের চোটে শুরুতেই ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে ফের ধাক্কা খেয়েছে তারা। নতুন চোটাক্রান্ত হয়েছেন শিমরন হেটমায়ার। ছিটকে গেছেন তিনি সিরিজ থেকে।
উইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ ব্যাটার হেটমায়ার অসুস্থতার কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার অ্যালিক অ্যাথানাজ।
হেটমায়ারের অনুপস্থিতি উইন্ডিজের জন্য বড় ধাক্কা হলেও, অ্যাথানাজের অভিজ্ঞতা দলে ভারসাম্য আনতে পারে। ১২টি ওয়ানডে খেলা অ্যাথানাজ এর আগেও আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এর আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়া ফোর্ড ও জোসেফের বদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কুইনো মাইন্ডলি ও জেদিয়াহ ব্লেডসকে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে হেটমায়ারের নাম প্রত্যাহার এবং অ্যাথানাজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ম্যাচেই দলটি চ্যালেঞ্জিং পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ করতে চায়।