আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলার হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।
এদিকে কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, ‘এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি কিরণের ফাসি চাই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসা হচ্ছিল। এমন সময় আশপাশে দাড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।