বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় মন্তব্য করে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন কিছু করব না, যাতে সাধারণ মানুষ বলে আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ।
আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভা ও কর্মশালায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে। তাই গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায়। বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কথাগুলো ভালো করে জেনে-বুঝে-শুনে পাড়া-মহল্লায় গিয়ে জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আস্থা আর্জন করতে হবে। মানুষের সমর্থন আদায় করতে হবে।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫টা বছর ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতিদ্রুত একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক ফজলুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান প্রমুখ।