হবিগঞ্জে ইজিবাইকের ভাড়া ৫ টাকা কম দেওয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় ৭টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। প্রায় ১৫টি দোকান লুটপাট করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টায় বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে।
বাহুবল থানা সূত্রে জানা যায়, সাজিদ মিয়া নামে এক যাত্রী তার গ্রামের বাড়ি ভেড়াখাল যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে উঠেন। তিনি ১০ টাকা ভাড়া দিলে চালক সালমান মিয়া আরো ৫ টাকা দাবি করেন। চালকের বাড়ি সাতপাড়িয়া গ্রামে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হন।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঙ্গা বন্ধ করতে পুলিশ ৭ রাউন্ড টিয়ার গ্যাস ছুড়ে বলে জানান ওসি জাহিদুল ইসলাম। ৪ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দোকানে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নেভায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এদিকে বাহুবল উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া খাতুন জানান, মোট ৫৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কেউই আশঙ্কাজনক নয়।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থতি স্বাভাবিক হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। এখনও মামলা হয়নি।