বলাৎকারের অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার ঈদগাহ পাড়া (কোর্টপাড়া) এলাকার জামিয়াতুল উলুম মাদরাসার সুপার হাফেজ মাহবুব হাসানের বিরুদ্ধে এক শিশুকে বলাৎকারের অভিযোগ করেছে শিশুটির পরিবার। থানায় অভিযোগের পর মাদরাসাটিতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত হাফেজ মাহবুব হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাতে শিশুটি (১২) মাদরাসার নির্ধারিত আবাসিক কক্ষে ঘুমাচ্ছিল। এ সময় মাহবুব হাসান ওই কক্ষে প্রবেশ করে শিশুটির মুখ চেপে ধরে বলাৎকার করেন। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়-ভীতি দেখান তিনি। এতে রক্তাক্ত জখমে অসুস্থ হয়েও সে চিকিৎসা নিতে পারেনি। পেরে ২৫ নভেম্বর পালিয়ে বাড়ি গিয়ে মায়ের কাছে ঘটনা খুলে বলে সে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার বলেন, গত ২৬ নভেম্বর কোর্টপাড়ার একটি মাদরাসার এক শিশু বলাৎকারের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান জানান, মামলার এজাহারনামীয় আসামি মাহবুব হাসানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।