বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা-পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলী হুসেন নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করা হয়েছে আদালতে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে এ মামলার আবেদন করেন ভুক্তভোগী আলী হুসেনের আত্মীয় পরিচয়কারী মফিজুল ইসলাম সানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগে কোনো মামলা হয়েছে কি না, তা তদন্ত করে ২০ কর্মদিবসের মধ্যে তা উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জকে জানাতে নির্দেশ দিয়েছে।
ছাত্র হত্যা মামলায় ফারুক খান রিমান্ডে: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর ধানম-িতে শামীম (১৩) নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।