রাজধানী ঢাকার বায়ুর দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। কোন উন্নতির লক্ষণ নেই। এরই ধারাবাহিকতায় দূষিত বাতাসের শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।
আজ সোমবার বেলা ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩০২। মানের দিক থেকে এটি বিপজ্জনক বায়ু। বায়ুর মান ৩০০ পার হলেই তাকে দুর্যোগপূর্ণ বলা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার বাতাস চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল। ঢাকার বাতাস সেদিন ছিল দুর্যোগপূর্ণ। আজ সকালেও ঢাকার বায়ু আবার সেই দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে।
বিশ্বের ১২৫টি দেশের মধ্যে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২০০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে মিশরের কায়রো। পঞ্চমে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৭৭।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪৫ শতাংশ বেশি।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।