ঢাকা ও দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।
এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
এ বৈঠকে অংশ নিতে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন বিক্রম মিশ্রি।
বৈঠকে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করা হবে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এখন বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়টি ঢাকার পক্ষ থেকে উত্থাপন করা হতে পারে। এছাড়া ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, নিত্যপণ্য আমদানি, ভিসা ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে।
এছাড়া বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা এবং দুই দেশের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে।