রাজপুত নেতা রাজ শেখাওয়াত ‘পুষ্পা ২’ সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে 'ক্ষত্রিয়' সম্প্রদায়কে অপমান করার অভিযোগ তুলেছেন।
এক্স- এ একটি পোস্ট করে রাজ শেখাওয়াত লিখেছেন, ‘পুষ্পা ২’ ছবিতে ‘শেখাওয়াত’ নেতিবাচক ভূমিকা রয়েছে। এর মাধ্যমে নাকি ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে। এই অপমানের শোধ তোলার জন্য তিনি কর্নি সেনাদের প্রস্তুত থাকার কথা বলেছেন। কারণ তাদের নিয়ে নাকি খুব শীঘ্রই সিনেমার প্রযোজককে মারধর করা হবে।
তার মতে ছবিতে 'শেখাওয়াত' শব্দের বারবার নেতিবাচক ভাবে ব্যবহার করে এই সম্প্রদায়কে অপমান করা হয়েছে। তাই তিনি নির্মাতাদের, সিনেমা থেকে এই শব্দটি বাদ দেওয়ার দাবি জানান।
তিনি একটি ভিডিওতে বলেছেন, সিনেমাটি ক্ষত্রিয়দের মারাত্মক অপমান করেছে। 'শেখাওয়াত' সম্প্রদায়কে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এই শিল্প বাক-স্বাধীনতার নামে ক্ষত্রিয়দের অপমান করছে আগেও এবং তারা আবারও একই কাজ করেছেন।
রাজ শেখাওয়াত আরও বলেন, পুষ্পা ২-এর নির্মাতাদের উচিত সিনেমা থেকে 'শেখাওয়াত' শব্দের ক্রমাগত ব্যবহার বন্ধ করা এবং ছবি থেকে সেটা সরিয়ে নেওয়া। অন্যথায়, কর্নি সেনা তাদের বাড়িতে গিয়ে তাদের মেরে আসবেন, প্রয়োজনে যে কোনও সীমা তারা অতিক্রম করতে রাজি।
অন্য দিকে, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২' ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। বৃহস্পতিবার নির্মাতারা ছবিটি মুক্তি দেওয়ার পর থেকেই সিনেমা হলগুলোতে সব শো ‘হাউসফুল'।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকারস এবং মুত্তামসেটি মিডিয়া প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। তিনি ছাড়াও এই ছবিতে ‘শ্রীবাল্লী’র ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল রয়েছেন 'ভানওয়ার সিং শেখাওয়াত'-এর ভূমিকায়।