বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে পতিত স্বৈরাচার সরকার সেই দেশে অবস্থান নিয়েছে। আমি মনে করি কোনোভাবেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক কাজ করেনি ভারত। এ দেশের জনগণের হৃদয়ে আঘাত লেগেছে। এ নিয়ে বিএনপি’র তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবীদল ভারতের হাইকমিশনারে একটি স্মারকলিপি দিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নতুন ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক। এই প্রত্যাশাতেই মানুষ চায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক। নির্বাচিত সরকার বুঝে জনগণের চাহিদা কি এবং সেই অনুযায়ীই তারা পদক্ষেপ নিয়ে থাকে। আজকের যে সংসদীয় গণতন্ত্র তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফসল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিদায় করেছে।
অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাদত বিপলুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়শনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ডা. মো. ফরিদ উজ-জামান খান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।