বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট এবং ব্যবসায়িক কাজ নিয়েই বেশি ব্যস্ত ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ ছাড়া কয়েক দিন আগেই ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। তবে যত কাজই অপু করুক না কেন, তাকে সিনেমায় দেখার জন্য সবসময়ই মুখিয়ে থাকেন ভক্তরা।
সিনেমায় নেই আলোচিত ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। পর্দা ছোট হতে হতে তিনি এখন ইউটিউবে থিতু হয়েছেন। বড়পর্দায় সিনেমায় তাকে দেখা যায়নি এ বছর, তবে দেখা গেছে টেলিভিশন বিজ্ঞাপনে। অনুরাগীদের মনে তাই প্রশ্ন উঠতেই পারে, অপু কি সিনেমা ছেড়েই দিচ্ছেন?
কেন সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’
সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা করে নেয় ছবিটি। তারপর থেকে নিয়মিত শোরুম উদ্বোধনের অতিথি হয়ে যান তিনি।
মনে করিয়ে দেওয়া যেতে পারে, ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজনা শুরু করেন অপু। তাঁতপল্লিকে ঘিরে সিনেমার গল্প, যাতে রয়েছে প্রেম-ভালোবাসা এবং স্থানীয় রাজনীতির কাহিনি। ২০২১-২২ অর্থবছরে ছবিটির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন তিনি।
একসময়ের বাংলা সিনেমায় আলোচিত নাম ছিল অপু বিশ্বাস। তখন ঢালিউডে সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অনুরাগীরও অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি। সেই দিন আজ অতীত!