ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী তিন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মানার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সম্মাননাপ্রাপ্ত নারীদের পরিবারের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- সাজেদা বেগম (সফল জননী), আকিলা বিনতে শহীদ (শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য) এবং রিপা আক্তা (নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু)।
অনুষ্ঠানে তিন সফল নারী তাদের জীবনের বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে সফলতা অর্জনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। লক্ষ্য অর্জনে অদম্য ইচ্ছা শক্তি, মনোবল আর পরিবারের সহযোগিতার মাধ্যমে সফলতা অর্জনের কঠিন জীবনের গল্প বলেন।
পৌরশহরের দেবগ্রামের আলী আকবর চৌধুরীর সহধর্মিণী সফল জননী সাজেদা বেগম। তিনি বলেন, সংসারে তার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও ৬ ছেলে ও ২ মেয়েকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলার চেষ্টা করেছি। আমার ছেলে-মেয়েরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে মাস্টার্স পাশ করিয়েছি। সন্তানদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী কেউবা ব্যাংকার। তাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সরকারিভাবে সংবর্ধনা পেয়ে ভীষণ খুশি বলে জানান ৭২ বছর বয়সী নারী সাজেদা বেগম।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী আকিলা বিনতে শহীদ জানান, বাবা সামান্য সরকারি চাকরিজীবী ছিলেন। পরিবারের সদস্য সংখ্যাও ছিল বেশি। বহু কষ্ট করে লেখাপড়া করেছেন। বিয়ের পরও পড়ালেখা অব্যাহত রেখে মাস্টার্স ডিগ্রি শেষ করে সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন।