জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

সংগঠনের নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।