‘স্ত্রী ২’ এর সাফল্যের পর এবার আসছে ‘স্ত্রী ৩’

সে আসতো নিশি রাতে। পিছন ফিরে তাকালেই ঘটে যেত মহাবিপদ। মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায়। সেই আত্মার নাম ‘স্ত্রী’। রাতের অন্ধকারে কোনো পুরুষকে একা দেখলেই সে ডাকতে থাকে। এরপর পিছনে ঘুরলেই গায়েব করে দেওয়া হয় সেই পুরুষকে। শুধু থেকে যায় তার পোশাক। এরকম ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠে অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ‘স্ত্রী’ সিনেমার গল্প। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী।

‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী ২’ মুক্তির পর দারুণ সাড়া ফেলে, শুধু তাই নয়, শাহরুখের ‘জওয়ান’ ছবির রেকর্ডও ভেঙে দেয়। ৩৫ দিনের মাথায় স্ত্রী ২ ছবির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ৮০১ কোটি ১৫ লাখ রুপি।

এবার নতুন খবর হলো, সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা রাজকুমার রাও। সেই সঙ্গে জানিয়েছেন, ‘স্ত্রী’ এর তৃতীয় কিস্তি আসবে, তবে তার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। 

তিনি বলেন, ‘আমরা চাই না আগের দুটি সিনেমার শুধু সফলতারই পুনরাবৃত্তি হোক বরং গুণমান ও বৃদ্ধি করতে চাই। তাই আমরা পরবর্তী সিনেমাটির জন্য খুব মনোযোগ দিয়ে কাজ করছি।’ 

রাজকুমার আরও জানান, তৃতীয় কিস্তির জন্য যে পরিকল্পনা চলছে, তা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হতে কিছুটা সময় নিবে। তবে তিনি আশা করছেন যে, ভক্ত ও অনুরাগীরা ভালো মানের কাজের দেখতে অপেক্ষা করবেন।

এছাড়াও, অভিনেতা তার চরিত্র ‘ভিকি’র প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি জানান, এই চরিত্রটি তার খুব কাছের, কারণ ভিকি চরিত্রের মজাদার এবং সরল স্বভাব তার বেশ ভালো  লেগেছে। 

তবে তিনি মজার ছলে বলেন, ‘ভবিষ্যতে কোনো ভূতের প্রেমে পড়ার সম্ভাবনা নেই।’

২০২৪ সালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রাজকুমার জানান, তিনি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চান, বিশেষত কমেডি নিয়ে তিনি অনেক আশাবাদী।

প্রসঙ্গত, রাজকুমার রাও এর আগে 'স্ত্রী ২', 'শ্রীকান্ত', 'মি. অ্যান্ড মিসেস মহি'-র মতো সিনেমায় অভিনয় করেছেন এবং সম্প্রতি তার পরবর্তী সিনেমা ‘মালিক’-এর শুটিং শেষ করেছেন।