বাছাইপর্বে ভারতকেই চেয়েছিল বাংলাদেশ, জানালেন কাবরেরা

এশিয়ান কাপ বাছাইপর্বের ড্রয়ে র‌্যাংকিংয়ের শেষ দিকের দল ছিল বাংলাদেশ। ছিল চার নম্বর পটে। পট ১ এ ভারত ছাড়া শক্তিশালী সিরিয়া (ফিফা র‌্যাংকিং ৯৫), থাইল্যান্ড (৯৭), তাজিকিস্তান (১০৪), লেবানন (১১২), ভিয়েতনাম (১১৬) ছিল, যাদের সঙ্গে খেলা পড়তে পারতো। কিন্তু, ‘আমরা ভারতকেই চাইছিলাম। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে খেলেছি গত বছর। বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময় ব্যতিক্রম' প্রতিক্রিয়ায় জানিয়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। 

আগামী ২৫ মার্চ থেকে ২০২৬-এর মার্চ পর্যন্ত ভারত, হংকং, সিঙ্গাপুরের সঙ্গে ৬টি ম্যাচ। দীর্ঘ এই অভিযানে বাংলাদেশ দলের ডাগআউটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা থাকবেন কীনা, তা এখনও চূড়ান্ত হয়নি। এ মাসেই এই কোচের সঙ্গে চুক্তি শেষ হবে। চুক্তি নবায়ন হবে কীনা, তা সময় বলে দিবে। তবে কোচ ড্রয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, 'গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। তিনটি দলই আমাদের প্রায় সমশক্তির। আমরা ৬ ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং জয়ের সম্ভাবনা থাকবে।’ 

অন্য দুই দলের বিপক্ষেও জয় পেতে আশাবাদী কাবরেরা, ‘দুই ও তিন নম্বর পটে সিঙ্গাপুর হংকংয়ের চেয়ে আরো ২-৩টি দল দুর্বল ছিল। তারা এসেছে সমস্যা নেই। আমরা প্রায় কাছাকাছি তাদের।’

Untitled design (3)

হোম ম্যাচগুলো থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারলে কাবরেরা মনে করেন বাংলাদেশের সম্ভাবনা থাকবে, ‘বিশ্বকাপ বাছাইয়ে আমরা হোম ম্যাচে পয়েন্ট পেয়েছি ও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। তাই এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া আর অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। গ্রুপে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে।’ 

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া ব্যক্তিগত কারণে এখন ডেনমার্ক আছেন। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র প্রসঙ্গে জামাল বলেন, ‘আমাদের সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে খেলার। এজন্য নয় পয়েন্টের বেশি পেতে হবে।’