সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক তারকা অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। লাল রঙের পোশাক এবং কালো ফরমাল প্যান্টে রণবীরের লুকের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা। অলিভিয়া ওয়াইল্ডও নজর কেড়েছেন সাদা অফ-শোল্ডার গাউনে। এই ফেস্টিভ্যালে ‘পুনর্জন্ম’ খ্যাত বাংলাদেশী অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গেও একটি সেলফিতে দেখা গেছে রণবীরকে।
এই ফেস্টিভ্যালে হলিউডে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রণবীর জানান, সঠিক সুযোগ এলে তিনি হলিউডে কাজ করতে আগ্রহী। তবে তিনি আরও বেশি আগ্রহী ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুযোগ এলে অবশ্যই আমি কাজ করব, কিন্তু আমার বেশি আগ্রহ ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার। আমি চাই আমার দেশের মানুষদের তৈরি সিনেমাগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে।’
তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সিনেমার বৈশ্বিক সফলতা নির্ভর করে এর মৌলিকত্বের উপর। এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমার উদাহরণ টেনে রণবীর বলেন, ‘মূল বিষয় হচ্ছে আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরা। পশ্চিমা দর্শকদের তুষ্ট করার জন্য নয় বরং আমাদের চরিত্র এবং সংস্কৃতির গভীরতা নিয়ে সিনেমা তৈরি করলেই তা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। ‘আরআরআর’ এর সেরা উদাহরণ।’
২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিষেকের অভিজ্ঞতা প্রসঙ্গে রণবীর জানান, বক্স অফিসে ব্যর্থ হলেও সেই অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শিখিয়েছে এবং শিল্পের উত্থান-পতন সম্পর্কে বুঝতে শিখিয়েছে।
উল্লেখ্য, রণবীর বর্তমানে নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবির শুটিং করছেন। এছাড়া তার হাতে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল পার্ক’, যেখানে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও অভিনয় করবেন রণবীর, যেখানে তার সহ-অভিনেতা আলিয়া ভাট ও ভিকি কৌশল।