‘ভারত দখল কি হয়ে গিয়েছে? না, ইয়ে মানে দখলের পর এই কিউট ছেলেটিকে আমার হাতে তুলে দেবেন। অনি শুধু আমার।’ পাশে একাধিক হৃদয়ের চিহ্ন। সঙ্গে ‘অনি’র ছবি, তা থেকেই বোঝা যায় ‘তিনি’ অনির্বাণ ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে এভাবেই অভিনেতার উদ্দেশ্যে প্রেম নিবেদন করেন অভিনেত্রী সানজানা মেহরান।
সানজানা ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর সহ-অভিনয়শিল্পী ছিলেন। মঞ্চাভিনয়ের পাশাপাশি বাংলার বেতারশিল্পীও তিনি। পাশাপাশি বাচিক শিল্পী হিসাবেও কণ্ঠদান করেন। লেখালিখিতেও রয়েছে তার মন।
গত কয়েক মাসে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উত্তেজনা যত না তৈরি হয়েছে, তার চেয়ে বেশি মশকরা চলছে সমাজমাধ্যমে। দু’দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ লড়াইয়ে বদলে বিষয়টিকে হালকা মেজাজে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ। হয়তো উদ্দেশ্য একটাই, কাঁটাতারের দু’পাশে দুই বাঙালির মন যেন না রক্তাক্ত হয়।
সানজানাও যেভাবে প্রেম প্রকাশ করেছেন তাতে অনির্বাণের প্রতি তার মুগ্ধতা ফুটে উঠেছে। এভাবে প্রকাশ্যে প্রেম নিবেদন করছেন, এমন প্রশ্নে সানজানা মেহরান নিটোল গলায় বললেন, “আমাকে সবাই তাই-ই বলে। আর সমাজ যতই এগিয়ে যাক, এখনও মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে। ফলে, নিজেদের প্রতিষ্ঠিত করতে গেলে সাহসী তো হতেই হবে।”
কী দেখে এত প্রেম জাগল অনির্বাণের প্রতি, এমন প্রশ্নে তার উত্তর, “বলুন, কী দেখে নয়! ওর সব কিছু ভাল লাগে। ওর চাহনি, হাসি, দাঁতের পাটি, ঠোঁট, উচ্চতা, কণ্ঠস্বর, উচ্চারণ...। কবিতা আবৃত্তি... সব স-অ-ব। ওকে ঘিরে শরীরী আবেদনের বলয়। কিছুতেই অস্বীকার করা যায় না ‘অনি’কে!”
জানালেন, অনির্বাণের সঙ্গে অভিনয়ের খুব ইচ্ছে তার। নায়িকা হতে পারলে অবশ্যই চুম্বন দৃশ্যে অভিনয় করবেন। সাহসী সানজানার সপাট জবাব।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানজানার ‘নয়া মানুষ’ সিনেমা। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।