ফরিদপুরে জিহাদ মাতুব্বর নামে এক স্কুলছাত্রকে রাতের আঁধারে ধরে নিয়ে মারধরের পর কবর খুঁড়ে জীবন্ত পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের আলীপুরে এক অভিযোগ করেন ওই স্কুলছাত্রের পরিবার।
জিহাদ জেলা সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। তিনি কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বাবা মোস্তাক মাতুব্বর বলেন, ‘গত শনিবার রাতে তার ১৩ বছরের ছেলে জিহাদ ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার বখাটে কয়েকজন কিশোর তাকে ধরে নিয়ে মারধরের পর কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা করে। এ সময় তারা জিহাদকে জিম্মি করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করে।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন কিশোর জিহাদকে মারতে মারতে জামার কলার ধরে টেনে একটি কবরস্থানে নিয়ে যাচ্ছে। সেখানে পৌঁছে আবারো তাকে মারতে মারতে এক কিশোরকে কোদাল দিয়ে গর্ত খুঁড়তে দেখা যায়। এ সময় জিহাদকে ওই যুবক বলে, ‘তোরে গলা কাটব না, জীবন্ত পুঁতে ফেলব। কোথায় দিব জায়গা পছন্দ কর।’ তখন তাদের একজনকে কবর খুঁড়তে খুঁড়তে হাহা করে হাসিতে ফেটে পড়তে দেখা যায়। এরপর কেউ একজন সেখানে এক কিশোরকে ফোন ধরিয়ে দেওয়ার পরে তাদের মাঝে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর ওই কিশোর জিহাদকে ছেড়ে দিয়ে বলে, ‘বেঁচে গেলি আজকের মতো। আর এসব করবি বল?’ তারপর তাকে সজোরে কিল-ঘুষি মারতে থাকে তারা।
জিহাদের মা মারিয়া আকতার বলেন, ‘রাতেই তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি আমরা। এখনো আতঙ্কে রয়েছে সে।’
ভুক্তভোগী জিহাদ জানায়, কয়েক দিন আগে তার চাচাতো ভাইদের বাড়ির পেছনে নদীর পাড়ে জড়ো হয়ে শোরগোল করতে থাকা একদল বখাটের কাছে ‘ওখানে কারা’বলে জানতে চেয়েছিল সে। এ অপরাধে ওই দিন সন্ধ্যায় প্রথমে তাকে এক দফায় মারধর করা হয়। এরপর শনিবার রাতে বাবার কাছ থেকে হালিম খাওয়ার জন্য টাকা নিয়ে ওয়াজের মাঠে যাচ্ছিল সে। তখন ওই কিশোররা তাকে দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে আর তারপর তার সিগারেট কেনার ভিডিও করে। তখন তার বাবাকে সিগারেট কেনার ভিডিও দেখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জিম্মি করে নেয়।
এ ঘটনায় তার বাবা মোস্তাক মাতুব্বর রোববার রাতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। সিফাত (২৪), মাসুম (২৩), মারুফ (২০), আরাফাত (২০), সজল (২২), সাকিল (১৯) সহ আরও পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘অভিযোগটি পাওয়ার পর খুবই গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে । এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং রাতেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।