নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. তানভীর রহমান (১৭) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে আরও একটি মামলা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শরীফুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণ নিজে উপস্থিত হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন। এরপর তিনি অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছেন। সেই সাথে থানায় মামলা দায়ের করেছেন।