দর্শক গ্রহণ না করলে আগাব না

চিত্রনায়ক জায়েদ খান এই মুহূর্তে রয়েছেন নিউ ইয়র্কে। সহসাই দেশে ফিরছেন না দেশের এই আলোচিত তারকা। যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে ঘুরে বেড়ানোর পর আপাতত থিতু হতে চাচ্ছেন নিউ ইয়র্কে। যুক্ত হতে যাচ্ছেন নতুন পেশায়। তবে লাইট ক্যামেরা ছাড়ছে না তাকে। কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে জায়েদ খানের সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন এতদিন ধরে দেশের বাইরে, ফিরবেন কবে?

এখনো ঠিক নেই। এখানে একটা কাজ শুরু করতে যাচ্ছি। আপাতত ওটা নিয়ে এখন আমার ব্যস্ততা। লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে পড়ে আছি।

কী করছেন যুক্তরাষ্ট্রে?

বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছি। কানাডাও গিয়েছি। সেখানের বাঙালিদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছি। তারা আমাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এরপর ফিরে এসেছি যুক্তরাষ্ট্রে, এখানের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রোগ্রামগুলোতে অংশ নিচ্ছি। একেকটা অঙ্গরাজ্যে একেক ধরনের বৈচিত্র্যময় ব্যাপার লক্ষ করছি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে বেশ উপভোগ করছি। তাই আপাতত ফেরার ইচ্ছে নেই। এখানেই নানা কাজে ব্যস্ত হয়ে যাব।

এখন কী নিয়ে ব্যস্ততা?

ঠিকানার নাম শুনেছেন নিশ্চয়ই। যেটার সঙ্গে খালেদ মুহিউদ্দিন রয়েছেন। ঠিকানা নিউজের সঙ্গেই কাজ করতে যাচ্ছি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা শুরু করব শিগগির। কখনোই প্রেজেন্টার হিসেবে কাজ করিনি, এই প্রথম প্রেজেন্টার হিসেবে কাজ করতে যাচ্ছি। নিউ ইয়র্কের মতো জায়গায় বড় পরিসরে এমন একটি কাজ করতে যাচ্ছি এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড।

খালেদ মুহিউদ্দিন তো একটা টকশো উপস্থাপনা করেন, আবার আপনি কেন?

উনি সমসাময়িক ও রাজনৈতিক টকশো করেন। আমার এটা হবে একেবারে ভিন্ন ধরনের। এটা বিনোদনভিত্তিক। আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এটা হবে, শোবিজ তারকাদের নিয়ে একটি টকশো। যেখানে একজন শোবিজ তারকা থাকবেন, একাধিকও থাকবেন। যাদের সঙ্গে আমার আলাপ হবে চলচ্চিত্র নিয়ে, নাটক নিয়ে, সংগীত নিয়ে এছাড়াও অনেক থ্রিল বিষয় থাকবে।

হঠাৎ করে উপস্থাপনায় কেন এলেন?

যখন এমন একটি প্রস্তাব পেলাম, তখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছিলাম না কী করব। কিন্তু একটা সময় ভেবে দেখলাম, শুরু করি দেখা যাক কী হয়। যদিও পূর্বের অভিজ্ঞতা নেই, তবে অনেক শুভাকাক্সক্ষী বললেন, এটা আমি করতে পারি, পারব।  ভেবে দেখলাম, এমন একটি প্ল্যাটফর্ম পেলে আমি বাংলা চলচ্চিত্রকে, চলচ্চিত্রের ইতিহাসকে তুলে ধরতে পারব। বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে উপস্থাপন করতে পারব। এছাড়াও আমার মধ্যে কিছু ইনোভেটিভ ধারণা তৈরি হয়েছে। সে সবও প্রয়োগ করতে পারব। তবে আমি খুবই নার্ভাস ফিল করছি।

আপনাকে নিয়ে তো নানা সমালোচনা রয়েছে, চিত্রনায়ক হিসেবেও অনেকে মানতে নারাজ; উপস্থাপক হিসেবে গ্রহণ করবে?

প্রত্যেকের একটা চয়েস রয়েছে। সবাই আমাকে পছন্দ করবে এমনটা নয়, আবার আমিও সবাইকে পছন্দ করি তাও কিন্তু নয়। প্রথমে কয়েকটা পর্ব ধারণ করব। এরপর দর্শকরা মত দেবেন কেমন হলো, যদি তারা গ্রহণ করেন তাহলে আগাব, নাহলে আগাব না।